যুক্তরাষ্ট্রকে অনেকেই যুদ্ধবাজ দেশ বলে থাকেন। প্রশ্ন হলো, দেশটি এত যুদ্ধে জড়ায় কেন? বন্ধু দেশকে রক্ষার জন্য? বাণিজ্য বাড়ানোর জন্য? নাকি নিজের প্রভাব বলয়ের নিচে সবাইকে রাখার জন্য? আর সব যুদ্ধেই কি জয় আসে, নাকি কোনো কোনো যুদ্ধে হারলেও বাণিজ্যে লাভ থাকে?
আড়াই শতকে কতটা যুদ্ধ?
প্রায় আড়াই শতকের ইতিহাসে যুক্তরাষ্ট্র খুব কম সময়ই যুদ্ধের বাইরে ছিল। স্বাধীনতাযুদ্ধ থেকে গৃহযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, উপসাগরীয়, ইরাক, আফগানিস্তান এবং সর্বশেষ ইরান যুদ্ধ। প্রতিটি সংঘাত দেশটির রাজনীতি, অর্থনীতি ও বৈশ্বিক অবস্থান নতুন করে গড়ে দিয়েছে।
এর মূল্যও ছিল বিপুল: লাখো মানুষের প্রাণহানি, বিপুল বাস্তুচ্যুতি এবং ট্রিলিয়ন ডলারের ব্যয়।
আমেরিকানদের নিজেদের ভাষ্য কী?
যুক্তরাষ্ট্রের এই প্রবণতা নিয়ে দেশটির ভেতর থেকেই তীর্যক মন্তব্য এসেছে। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় কমেডিয়ান জর্জ কার্লিন বলেছিলেন, যুদ্ধ আমেরিকানদের পছন্দ। কারণ ভালো গাড়ি বা টেলিভিশন বানাতে, শিশুদের সুশিক্ষা দিতে কিংবা বয়স্কদের স্বাস্থ্যসেবা দিতে না পারলেও যেকোনো দেশে ভালো বোমা ফেলতে পারে তারা।
ব্যবসা-বিশ্লেষক পল ফ্যারেল একই সুরে বলেছিলেন, আমেরিকার অর্থনীতি যুদ্ধের অর্থনীতি। তার ভাষায়, যুদ্ধ “আমাদের ডিএনএতে” আছে। যুদ্ধ অর্থনীতিকে আন্দোলিত করে, উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে।
এই মন্তব্য কতটা বাস্তবসম্মত? যুদ্ধ কি সত্যিই যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করে, নাকি এর মূল্য তার চেয়ে অনেক বেশি?
দুই বিশ্বযুদ্ধে কী পেল, কী হারাল?
দুটি বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আইএমএফ ও ফেডারেল রিজার্ভ হিস্ট্রির ইতিহাস অনুযায়ী, এই জয়ের পর বৈশ্বিক মুদ্রাব্যবস্থায় ডলারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক সমুদ্রপথ ও তেলের বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ে। এভাবে ওয়াশিংটন পশ্চিমা বিশ্বে অভিভাবকের ভূমিকায় আসে।
তবে এর মূল্য কম ছিল না। প্রথম বিশ্বযুদ্ধে ১ লাখ ১৬ হাজার ৫১৬ জন মার্কিন সেনা মারা যান। নিহত ও আহত মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। যুদ্ধের আগে তাদের সেনাবাহিনীর সদস্য ছিল ২ লাখের কম। যুদ্ধ চলাকালে সশস্ত্র বাহিনীর মোট সদস্য বেড়ে দাঁড়ায় ১ কোটি ১০ লাখের বেশি। যুদ্ধ শেষে ৪ লাখের বেশি আমেরিকান সেনা নিহত হয়, আহত হন প্রায় ৭ লাখ। তবে বৈশ্বিক পরিসরে এটি ছিল মোট প্রাণহানির একটি অংশ মাত্র। যুদ্ধের সরাসরি কারণে বিশ্বজুড়ে ৫ কোটি থেকে ৫ কোটি ৬০ লাখ মানুষ প্রাণ হারায়।
অর্থনৈতিক দিক থেকেও এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। মূল্যস্ফীতি সমন্বয় করলে ব্যয় প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বেশি।
দীর্ঘ যুদ্ধগুলোর হিসাব কী বলে?
এরপর কোরিয়া, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধ দেশটিকে সামরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের “কস্টস অব ওয়ার প্রজেক্ট”-এর হিসাবে, নাইন-ইলেভেনের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধগুলোয় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৮ ট্রিলিয়ন ডলার।
ভূ-রাজনৈতিক ক্ষতির কথাও বলেন বিশ্লেষকেরা। কাউন্সিল অন ফরেন রিলেশনস ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতো থিংক ট্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানকে আবার তালেবানের হাতে ছেড়ে আসা এবং ভিয়েতনামে পরাজয় পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
এত ক্ষতির পরও কেন নতুন সংঘাত?
তবু যুক্তরাষ্ট্র নতুন সংঘাত থেকে সরে আসেনি। চলমান ইরান যুদ্ধেই এর কয়েকটি দিক দেখা যায়।
যুদ্ধটি শুরু হয় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। ১৯ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির পরিকল্পনা ঘোষণা করে। এপির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত পাবে ৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা ও সরঞ্জাম, যার মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ আছে। কুয়েত পাবে ৮ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা। জর্ডানের জন্য ধরা হয়েছে ৭ কোটি ৫ লাখ ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা। সব মিলিয়ে অনুমোদিত বিক্রির পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। এর মধ্যে আরও ৬ বিলিয়ন ডলারের বিক্রি কংগ্রেসকে জানানোর প্রয়োজন হয়নি।
আরেকটি ক্ষেত্র ভেনেজুয়েলা। ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন এবং দেলসি রদ্রিগেস অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। রদ্রিগেস ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি তেল চুক্তির কথা নিশ্চিত করেন। চুক্তিতে ১৭টি কৌশলগত ক্ষেত্রে তেল উৎপাদনের ৫৫ শতাংশের কার্যকর নিয়ন্ত্রণ পাবে মার্কিন পক্ষ। এই ক্ষেত্রগুলোয় প্রমাণিত সম্ভাবনা প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল।
চুক্তির মেয়াদ নিয়ে দুই পক্ষের ভাষ্য আলাদা। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন প্রতিষ্ঠানকে ১০০ বছরের উন্নয়ন-অধিকার দেওয়া হয়েছে। রদ্রিগেস বলেছেন, চুক্তি ২৫ বছরের। ভেনেজুয়েলার ভেতরে সমালোচনাও আছে। সমালোচকেরা রদ্রিগেসের এখতিয়ার ও চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এসব ঘটনা কীসের ইঙ্গিত দেয়? যুক্তরাষ্ট্র যুদ্ধ ও সংঘাতকে অর্থনৈতিক সুবিধা আদায়ের সুযোগ হিসেবে দেখে, এমন ব্যাখ্যা দেন কেউ কেউ। অন্যদিকে আমেরিকান প্রশাসন এসব সিদ্ধান্তকে মিত্রদের প্রতিরক্ষা ও জ্বালানি সরবরাহের প্রয়োজনে নেওয়া পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে।
সাধারণ আমেরিকানদের কী হচ্ছে?
যুদ্ধের লাভ কি সাধারণ নাগরিকের কাছে পৌঁছাচ্ছে? ইরান যুদ্ধের হিসাবে ভিন্ন চিত্র দেখা যায়।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকার অনুযায়ী, ইরান যুদ্ধের ১০৮ দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়ায় ১১৩.৩ বিলিয়ন ডলার। পেন্টাগনের হিসাব তুলনায় কম। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানিয়েছিলেন, যুদ্ধে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার। দুই হিসাবে কোন কোন খাত ধরা হয়েছে, তা ভিন্ন হতে পারে।
ব্রাউনের আলাদা “ইরান ওয়ার এনার্জি কস্ট ট্র্যাকার” মাপে সাধারণ ভোক্তার ওপর পড়া বাড়তি জ্বালানি ব্যয়। জুনে সেটি ছিল প্রায় ৬০ বিলিয়ন ডলার। সেপ্টেম্বরে ট্র্যাকারে বাড়তি ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
যুদ্ধের অর্থায়ন নিয়ে মার্কিন রাজনীতিতেও বিভক্তি দেখা গেছে। জুলাইয়ের ২২ তারিখ প্রতিনিধি পরিষদ ২১৬-২১৪ ভোটে, মূলত দলীয় লাইনে, ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত ৭৩ বিলিয়ন ডলারের একটি বাজেট প্রস্তাব এগিয়ে নেয়।
মিত্র ও ভাবমূর্তির কী হলো?
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ও মিত্রদের সঙ্গে সম্পর্কেও প্রভাব ফেলেছে বলে বিশ্লেষণে উঠে আসছে। ন্যাটোভুক্ত পশ্চিমা মিত্রদের অনেককে এই যুদ্ধে ওয়াশিংটনের পাশে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র অপরাজেয়, এই ধারণাও বিশ্বজুড়ে প্রশ্নের মুখে পড়েছে।
- 0
- 0
- 0
- 0
