বিশ শতকের রাজনীতি শুধু যুদ্ধ, আইন বা ঘটনার ইতিহাস নয়; এটা মূলত কোনটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে—সেই নিয়ন্ত্রণের ইতিহাস। ক্ষমতা শুধু শাসন করে না, বরং বাস্তবতাকেও নির্মাণ করে। কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা অগ্রহণযোগ্য—এই সীমারেখাগুলোই ক্ষমতার সবচেয়ে সূক্ষ্ম কাজ। আর এই নির্মাণ সবচেয়ে শক্তভাবে কাজ করে ডিসকোর্সের মাধ্যমে, কারণ ডিসকোর্সই ঠিক করে দেয় আমরা কীভাবে পৃথিবীকে দেখব, বুঝব এবং ব্যাখ্যা করব। এই জায়গাতেই একজন মানুষের গান শুধু প্রতিবাদ নয়, বরং চিন্তার ভেতরের ভাঙন হিসেবে কাজ করে। তাঁর নাম বব ডিলান। তাঁর কাজকে আলাদা আলাদা গান হিসেবে না দেখে যদি একসঙ্গে একটা অর্থ নির্মাণের কাঠামো হিসেবে দেখা হয়, তাহলে বোঝা যায়, প্রতিটা গানেই তিনি ক্ষমতার ভিন্ন ভিন্ন স্তরে আঘাত করেছেন, কিন্তু কোনো একক অবস্থান তৈরি করেননি।
“The Times They Are a-Changin”-এ ভবিষ্যৎকে প্রায় নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করেন। যেখানে পরিবর্তন কোনো সম্ভাবনা নয়, বরং অনিবার্য শক্তি হিসেবে পুরনো ক্ষমতার কাঠামোকে সরিয়ে দিচ্ছে। সময় এখানে নিজেই রাজনৈতিক শক্তি। অন্যদিকে “Blowin’ in the Wind” সেই অনিবার্যতা ভেঙে দেয়। এখানে পরিবর্তন দৃশ্যমান নয়, বরং এমন এক অনির্ধারিত উপস্থিতি, যা শুধু অনুভূত হয়, ধরা যায় না। প্রশ্নগুলো উত্তরহীন থেকে যায়, ফলে পরিবর্তন কোনো ঘোষণা না হয়ে অনিশ্চয়তার অবস্থা হয়ে দাঁড়ায়। “How many roads must a man walk down…”—এই ধরনের প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই। রাষ্ট্র বা নৈতিক কর্তৃত্ব সাধারণত নির্ধারিত উত্তর চায়, কিন্তু ডিলানের প্রশ্নগুলো এমন, যেখানে উত্তর আলাদা হয়ে দাঁড়ায় না; বরং প্রশ্নের ভেতরেই ঘুরতে থাকে। ফলে এখানে প্রতিবাদ অবস্থান নয়, বরং নৈতিক নিশ্চিততার ভিত্তিকে অস্থির করে দেওয়া।
এরপর আসে “Masters of War”—যেখানে ক্ষমতার কেন্দ্রকে আর কোনো রূপক দিয়ে ঢেকে রাখা হয় না। এখানে রাষ্ট্রীয়-সামরিক জটিলতা সরাসরি “যুদ্ধকালীন মুনাফাখোরি” হিসেবে উন্মোচিত হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো—ডিলান এখানে যুদ্ধকে শুধু রাজনৈতিক ঘটনা হিসেবে দেখেন না, বরং একটি নৈতিক বিচ্যুতি হিসেবে দেখান, যেখানে ক্ষমতা মানুষের মৃত্যুকে একটি অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত করে। এই গান শুধু ক্ষমতার বিরুদ্ধে রাগ নয়; এটা ক্ষমতার নৈতিক ভিত্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা।
অন্যদিকে “A Hard Rain’s A-Gonna Fall” সম্পূর্ণ ভিন্ন এক ডিসকোর্স তৈরি করে। এখানে কোনো সরল রাজনৈতিক বক্তব্য নেই, বরং একটি মহাপ্রলয়ের ইঙ্গিত আছে। পৃথিবী যেন এক ধরনের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি ইমেজ—ভাঙা রাস্তা, মৃত শহর, অসহায় শিশু—একেকটা করে সামাজিক অবক্ষয়ের প্রতীক। এখানে ভাষা কাজ করে একধরনের খণ্ড খণ্ড ইমেজ হিসেবে। বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যায়, আর তৈরি হয় এক ধরনের অস্তিত্বগত আতঙ্ক; যেখানে জানা যায় পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তন মুক্তির না ধ্বংসের, তা পরিষ্কার নয়।
“Like a Rolling Stone” ব্যক্তিগত পতনের মাধ্যমে সামাজিক কাঠামো উল্টে দেয়। ক্ষমতার ভেতর থেকে ছিটকে পড়া মানুষ এখানে নিজের অবস্থানকেই আর চিনতে পারে না। “How does it feel?”—এই প্রশ্ন সহানুভূতি নয়, বরং ক্ষমতার উল্টো প্রতিচ্ছবি।
এই বিভিন্ন গানের ভেতর দিয়ে স্পষ্ট হয়, ডিলান কোনো একক প্রতিবাদের ভাষা তৈরি করেন না। তিনি তৈরি করেন স্থিরতার বিরুদ্ধে গভীর অবিশ্বাস; যেখানে সময়, নৈতিকতা, ক্ষমতা এবং পরিচয় সবই প্রশ্নের মধ্যে পড়ে থাকে। এই কারণেই তাঁর গানগুলোকে একসঙ্গে পড়লে ও শুনলে বোঝা যায়, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান দেন না। বরং এমন এক দৃষ্টিভঙ্গি তৈরি করেন, যেখানে ক্ষমতা চূড়ান্ত নয়, নৈতিকতা স্থির নয়, আর সত্য সম্পূর্ণভাবে নির্ধারিত নয়।
আজকের সময়েও এই দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক, কারণ ক্ষমতা এখন শুধু রাষ্ট্রে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র নিরাপত্তা, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার ভাষায় নিজেকে বৈধ করে তোলে, আর সেই ভাষার ভেতরেই ক্ষমতা স্বাভাবিক হয়ে ওঠে। একই সঙ্গে বৈশ্বিক ভূরাজনীতির বাস্তবতায় রাষ্ট্রগুলো একে অপরের ওপর নির্ভরশীল, ফলে সার্বভৌমত্বও আপেক্ষিক হয়ে যায়। এই অবস্থায় সমাজও স্থির থাকে না; শ্রেণি, ক্ষমতা ও রাজনীতির ভেতরে চলমান বিভাজন তৈরি হয়। ডিলানের গান এই বাস্তবতাকে ব্যাখ্যা করে না, বরং তার ভেতরের অস্থিরতাকে প্রকাশ করে।
বব ডিলানের সবচেয়ে বড় অবদান সম্ভবত এখানেই যে, তিনি ভাষাকে কখনো বাস্তবতার স্বচ্ছ আয়না হিসেবে ব্যবহার করেন না। বরং তাঁর গান বারবার দেখায়—বাস্তবতা নিজেই ভাষার ভেতরে নির্মিত, এবং সেই নির্মাণ কখনো স্থির বা নিরপেক্ষ নয়। রাষ্ট্র, সমাজ এবং ক্ষমতা সবসময়ই কিছু নির্দিষ্ট শব্দ, নৈতিকতা এবং সত্যকে “স্বাভাবিক” হিসেবে প্রতিষ্ঠা করতে চায়; ডিলান সেই স্বাভাবিকতার ভিত্তিটাকেই অস্থিতিশীল করে দেন।
এই কারণেই তাঁর গান সরাসরি কোনো রাজনৈতিক সমাধান দেয় না। বরং এমন এক অবস্থা তৈরি করে, যেখানে মানুষ বুঝতে শুরু করে—সে যে সত্যে বিশ্বাস করে, সেটাও আসলে ক্ষমতা, ইতিহাস এবং সামাজিক অভ্যাসের মাধ্যমে তৈরি। ফলে তাঁর গান শুধু প্রতিবাদের ভাষা নয়; এটা অর্থ-নির্মাণের যে কাঠামো, তার বিরুদ্ধে এক ধরনের অন্তর্গত বিদ্রোহ।
আর ঠিক এই কারণেই ডিলান এখনো প্রাসঙ্গিক। কারণ ক্ষমতা সবসময় চায় বাস্তবতাকে চূড়ান্ত অর্থের ভেতরে আটকে ফেলতে, কিন্তু ডিলান দেখান—বাস্তবতা কখনো পুরোপুরি ধরা পড়ে না; তা সবসময়ই ভাঙে, সরে যায় এবং নতুন প্রশ্ন তৈরি করে।
