২০২২ সালের শেষ দিকে পৃথিবীজুড়ে মানুষ নতুন একটি অভ্যাস গড়ে তুলতে শুরু করল। সেই অভ্যাসটি আমি, আপনি—আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে রপ্ত করেছি। জীবনের নানা দ্বিধা, সংশয় ও সিদ্ধান্তের প্রশ্ন নিয়ে আমরা এখন এআইয়ের কাছে যাই। চাকরি ছেড়ে দেব কি না, কোনো ঝগড়ায় কে ঠিক ছিল, বাবা-মাকে কীভাবে বোঝাব—এমন ব্যক্তিগত বিষয়েও আমরা এআইয়ের সঙ্গে কথা বলি, তার মতামত জানতে চাই।
এই মুহূর্তেও পৃথিবীর কোথাও না কোথাও প্রায় ৫৫০ জন মানুষ এআইয়ের সঙ্গে এ ধরনের ব্যক্তিগত আলাপ করছেন। অর্থাৎ, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ক্রমেই যন্ত্রের পরামর্শের ওপর নির্ভরশীল হয়ে উঠছি।
কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এআইকে এসব প্রশ্ন করি? আর যার কাছে জীবনের পরামর্শ চাইছি, সে কি আসলেই এতটা জ্ঞানী যে তার কথার ওপর নির্ভর করা যায়?
প্রথমে আসি একটি মৌলিক প্রশ্নে—বুদ্ধিমান হলেই কি কেউ সত্য জানে, কিংবা সত্য বলে?
ওপেনএআই, হার্ভার্ড ও ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১০ লাখের বেশি চ্যাট বিশ্লেষণ করে দেখেছেন, প্রতি ১০০টি কথোপকথনের প্রায় ২৮টিতেই মানুষ জানতে চেয়েছে, ‘আমি এখন কী করব?’ অনেকের ধারণা, এআই যেহেতু সুপার ইন্টেলিজেন্স বা অতি-বুদ্ধিমত্তার দিকে এগোচ্ছে, তাই সে হয়তো সত্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারবে।
কিন্তু বিখ্যাত ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি বিষয়টিকে অন্যভাবে দেখেন। তাঁর মতে, বুদ্ধিমত্তার সঙ্গে সত্য অনুসন্ধানের সরাসরি কোনো সম্পর্ক নেই। বুদ্ধিমত্তা হলো একটি লক্ষ্য নির্ধারণ করে সেখানে পৌঁছানোর সক্ষমতা। সেই লক্ষ্যে পৌঁছাতে সত্য সাহায্য করতে পারে, কিন্তু সত্যই যে একমাত্র পথ, তা নয়।
এর প্রমাণ আমাদের নিজেদের মধ্যেই আছে। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, অথচ মানুষই সবচেয়ে বেশি ভুল ধারণা বা ডিলিউশনের শিকার হয়।
ধরুন, রাস্তার পাশে আপনার সামনে কিছু টাকা পড়ে আছে। আপনি ভাববেন, টাকাটা নেবেন কি না। নিলেও এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে আরও চৌদ্দ রকম চিন্তা করবেন। কিন্তু একই জায়গায় একটি বানরের সামনে টাকা পড়ে থাকলে সে এ নিয়ে মাথাই ঘামাবে না। কারণ, টাকার ধারণাটিই তার কাছে নেই। টাকা আসলে মানুষের তৈরি একটি গল্প, আর সেই গল্পে বিশ্বাস করার ক্ষমতা মানুষেরই আছে।
হারারির মতে, এআইয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অতি-বুদ্ধিমান হলেই যে সে সব সময় সত্য বলবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বরং সে অনেক সময় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিভ্রান্তিকর কথাও বলতে পারে।
এআইয়ের আরেকটি বৈশিষ্ট্য হলো, সে ব্যবহারকারীকে খুশি রাখতে চায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সম্পর্ক ও সামাজিক সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এআই মানুষের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি ব্যবহারকারীকে বলেছে, ‘আপনিই ঠিক!’
মার্কিন সংবাদমাধ্যম ফিউচারিজমের একটি অনুসন্ধানে এর জীবন্ত উদাহরণ পাওয়া গেছে।
ঘটনাটি প্রায় ১৫ বছর ধরে সংসার করা এক দম্পতিকে নিয়ে। তাঁরা দুজনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে তাঁদের মধ্যে ঐকমত্যও ছিল। এমনকি মামলা দায়ের না হওয়া পর্যন্ত কেউ বড় কোনো কেনাকাটা করবেন না, এমন সিদ্ধান্তও নিয়েছিলেন।
কিন্তু একদিন স্বামী জানতে পারলেন, তাঁর স্ত্রী সেই সিদ্ধান্ত মানেননি। রাগে-ক্ষোভে সেদিন রাতেই তিনি পুরো ঘটনা ChatGPT-কে খুলে বললেন। ChatGPT তাঁর স্ত্রীকে ‘ম্যানিপুলেটিভ’, ‘হিসেবি’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিল। আরও বলল, তাঁর স্ত্রী সীমা অতিক্রম করেছেন। কীভাবে আইনজীবীকে বিষয়টি জানাতে হবে, আইনজীবী কী আবেদন করবেন—সেসব পরামর্শও দিল এআই।
স্বামী যত কথা বলতে থাকলেন, তাঁর রাগও তত বাড়তে থাকল। পরদিন সকালে উত্তেজিত অবস্থায় তিনি নিজের আইনজীবীর কাছে গেলেন। সব শুনে আইনজীবী অত্যন্ত নির্লিপ্তভাবে বললেন, ‘এতে কোনো সমস্যা নেই।’
তখনই তাঁর হুঁশ ফিরল। তিনি বুঝতে পারলেন, ChatGPT-র পরামর্শ তাঁকে অকারণে আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিল।
সহজ কথায়, আমরা যে ধরনের উত্তর শুনলে খুশি হই, যন্ত্রও ধীরে ধীরে সেই ধরনের উত্তর দিতেই শিখছে।
তাহলে কি এখন থেকে এআইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে হবে? বিষয়টি এতটা সাদা-কালো নয়।
গবেষণায় দেখা গেছে, এআইয়ের সঙ্গে প্রমাণভিত্তিক আলোচনা করলে মানুষের মধ্যে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস প্রায় ২০ শতাংশ কমে যেতে পারে। অর্থাৎ, এআই আমাদের ভুল ধারণা ভাঙতেও সাহায্য করতে পারে। মূল সমস্যাটা আসলে এআই নয়, সমস্যাটা আমাদেরও। আমরা অনেক সময় মনে করি, তথ্য মানেই জ্ঞান, আর জ্ঞান মানেই প্রজ্ঞা।
কিন্তু হারারি তাঁর Nexus বইয়ে দেখিয়েছেন, তথ্যের সঙ্গে সত্যের অপরিহার্য কোনো সম্পর্ক নেই। তথ্যের একটি প্রধান কাজ হলো মানুষকে একটি সুতোয় বাঁধা।
ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি বোঝা যায়। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর ইউরোপে বইয়ের বন্যা বয়ে গিয়েছিল। সে সময় সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি ছিল ‘ডাইনি শিকারের ম্যানুয়াল’। অথচ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে—কোপারনিকাসের এই যুগান্তকারী ধারণা নিয়ে লেখা বইটি বিক্রিই হয়নি!
বিষয়টি হলো, তথ্য আপনাকে জানাবে চারপাশের পৃথিবীতে কী আছে। জ্ঞান আপনাকে বলবে, সেগুলো কীভাবে কাজ করে। আর প্রজ্ঞা আপনাকে পথ দেখাবে, কোন কাজটি আপনার করা উচিত।
এআই প্রথম দুটি কাজ বেশ ভালো পারে। কিন্তু তৃতীয়টি, অর্থাৎ প্রজ্ঞার জায়গাটি তার নেই। অন্তত জীবনের কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত, সেই দায়িত্ব এআইয়ের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না। সেটি আপনাকেই, অর্থাৎ মানুষকেই নিতে হবে।
আরেকটি প্রশ্ন আছে। এআই কি আমাদের সবাইকে একরকম মানুষে পরিণত করছে?
অনেকেই আশঙ্কা করছেন, এআইয়ের ব্যাপক ব্যবহারের ফলে মানুষের চিন্তা ও প্রকাশের স্বাতন্ত্র্য কমে আসবে। অথচ মানুষের সবচেয়ে অনন্য আবিষ্কারগুলোর একটি হলো ভাষা। মানুষ এখন পর্যন্ত যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে এবং অন্যের কাছে পৌঁছে দিয়েছে, তার প্রায় সবকিছুরই বাহন ভাষা।
হারারি ২০২৩ সালে লিখেছিলেন, ভাষা তৈরির ক্ষমতা অর্জন করে এআই আমাদের সভ্যতার অপারেটিং সিস্টেমই হ্যাক করে ফেলেছে। কারণ, টাকা, আইন, রাষ্ট্র, অধিকার—এসবের ভিত্তিও মানুষের তৈরি গল্প ও ভাষা।
গবেষণায় দেখা যাচ্ছে, এআই খুব নীরবে আমাদের চিন্তার জগৎ বদলে দিচ্ছে। একটি পরীক্ষায় দেখা গেছে, এআইয়ের সাহায্যে লেখা গল্পগুলো তুলনামূলকভাবে সুন্দর হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য কম। অর্থাৎ, গল্পগুলো একধরনের ছাঁচে পড়ে যাচ্ছে।
আরেকটি পরীক্ষায় ভারতীয়দের এআইয়ের সাহায্যে দিওয়ালি নিয়ে লিখতে বলা হয়েছিল। দেখা গেল, তাঁদের লেখায় পূজা, পটকা ও মিষ্টির মতো স্থানীয় সংস্কৃতির পরিচিত অনুষঙ্গগুলো বাদ পড়ে গেছে। সেগুলোর জায়গায় এসেছে পশ্চিমা ধাঁচের সাধারণ কিছু অভিব্যক্তি—‘উষ্ণতা ও আনন্দ’।
বাংলাদেশের কথাই ধরুন। কেউ নিজে ঈদ নিয়ে একটি গল্প লিখলে সেখানে ঈদগাহ সাজানো, সকালের নামাজ, সেমাই, ঘুরতে যাওয়া, এমনকি ছুটি শেষ হয়ে যাওয়ার কষ্টও উঠে আসতে পারে। কিন্তু এআইয়ের সাহায্যে লিখতে গেলে সেই নিজস্ব অভিজ্ঞতা ও সাংস্কৃতিক অনুষঙ্গের জায়গা দখল করে নিতে পারে সেই একই সাধারণ ‘উষ্ণতা ও আনন্দ’।
বিষয়টি অনেকটা একই জাতের ধান দিয়ে পুরো মাঠ চাষ করার মতো। এতে ফলন ভালো হতে পারে। কিন্তু কোনো একটি রোগ ছড়িয়ে পড়লে পুরো মাঠের ফসল একসঙ্গে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ঠিক তেমনি, কোটি কোটি মানুষ যখন একই যন্ত্রের কাছ থেকে একই ধরনের উত্তর নিতে শুরু করবে, তখন সমাজের চিন্তাভাবনাও একঘেয়ে ও একরকম হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
আর মানুষের চিন্তা ও মতামত বদলে দেওয়ার ক্ষমতা যদি কোনো একটি যন্ত্র বা তার নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যায়, তাহলে সেটি হয়ে উঠতে পারে বিশাল ক্ষমতার উৎস।
এআইয়ের ব্যবহার নিয়ে লন্ডনের একটি আলোচনায় হারারিকে এক বাক্যে পরামর্শ দিতে বলা হয়েছিল। তাঁর উত্তর ছিল, ‘এআইয়ের চেয়ে মানুষকে বেশি বিশ্বাস করুন।’
যন্ত্র আপনাকে উত্তর দিতে পারে। কিন্তু কোন প্রশ্নটি করা উচিত, কোন উত্তরটি গ্রহণ করা উচিত এবং শেষ পর্যন্ত জীবনের কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত—সেই দায়িত্ব এখনো আপনারই।
- 0
- 0
- 0
- 0
